২১
ইতিহাস ফেলে আসা আমি সেই নতমুখ,
পকেটে ২১টি গোলাপের লাশ;কাঁধে ধর্ম আমার, পিঠে লেগে আছে অপবাদ।
আমি সেই সুচতুর যৌবন, হাতে শর্টগান।
আমি সেই মাটির শরীর,
মিছিলে সমবেত জনতার আকুতি;
চোখে তীব্রতা-বুকে ঘোলাটে মিথ্যের ক্ষত।
আমি-ই সেই প্রত্যাখান;
আমাকে আর কত বেদনার রঙ দ্যাখাবে!
একদিন
গৃহহীন পাখিরা যদি নীড়ে ফিরে আসে,
একদিন
খরস্রোতা নদীগুলো যদি নেমে আসে-
প্লাবনের লোভে;
আমি সেই বিরাগী বাউল, চোখে বিস্ময়।
রাত- আহারে জোস্নার রাত,
বেদনার দীর্ঘ রাত্রি শেষ হলো।
দুঃখ- আহা শৈল্পিক দুঃখ,
বিনাশের ধ্বংসযজ্ঞ শেষ হলো;
আমাদের দ্যাখা হলোনা।
কাঁটাতার বেড়ীতে আমিই সেই দুর্বিনত হাত,
কাঁধে বেওয়ারিশ লাশ-শবের মিছিল।
আমি সেই অগ্নুৎপাত
আমি-ই অভ্যুথ্বান
আমি সেই ফেরারি; চেতনায় বেসামরিক হুঃকার-
বুলেট কিংবা কবিতা।
আমি-ই মহাকালের প্রত্যাখান,
আমাকে আর কত মিথ্যে শেখাবে!
একদিন
ভালোবাসা যদি অনশন ভেঙ্গে ফেলে,
যদি প্রেম ফিরে আসে চুপচাপ;
আমি সেই নীরবতা-
আমাকে গ্রহন করো।
Comments
Post a Comment